সদ্য শপথ গ্রহণ করা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেইজিংয়ের এই শীর্ষ নেতা এক বার্তায় দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্বকে আরও সুদৃঢ় করার এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দিয়েছেন। চীনা দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
লি কিয়াং তার অভিনন্দন বার্তায় চীন ও বাংলাদেশকে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দুই দেশ একটি সর্বাত্মক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব বজায় রেখে আসছে, যার ভিত্তি অত্যন্ত সুদৃঢ়। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত ৫১ বছরে চীন ও বাংলাদেশ সবসময় একে অপরকে সম্মান ও সমতার ভিত্তিতে বিবেচনা করেছে। পারস্পরিক লাভজনক সহযোগিতা এবং উইন–উইন ফলাফল অনুসরণের ক্ষেত্রে এটি দেশগুলোর মধ্যকার বিনিময়ের এক উৎকৃষ্ট দৃষ্টান্ত।
চীনা প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, বেইজিং সরকার বাংলাদেশের নতুন সরকারকে সুষ্ঠু ও স্থিতিশীলভাবে রাষ্ট্র পরিচালনায় পূর্ণ সমর্থন জানাতে প্রস্তুত। তিনি বলেন, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও এগিয়ে নিতে, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) সহযোগিতা জোরদার করতে এবং বিভিন্ন খাতে বিনিময় সম্প্রসারণের লক্ষ্যে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। এর মধ্য দিয়ে চীন–বাংলাদেশ কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ককে এক নতুন উচ্চতায় উন্নীত করা সম্ভব হবে, যা উভয় দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ বয়ে আনবে।
রিপোর্টারের নাম 




















