ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর আগে সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন এবং বিকেলে বিএনপির সংসদীয় দলের সভায় তাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। দেশের সর্বোচ্চ নির্বাহী পদে আসীন হওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে তার প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান যে সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন, তা ‘দ্য প্রাইম মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬’ এর ভিত্তিতে নির্ধারিত। এই বিল অনুযায়ী, প্রধানমন্ত্রী মাসিক ১ লাখ ১৫ হাজার টাকা বেতন পাবেন। পাশাপাশি, তিনি প্রতি মাসে ১ লাখ টাকা বাড়িভাড়া ভাতা হিসেবে পাবেন, যদিও তিনি সাধারণত সরকারি বাসভবনেই অবস্থান করেন।
এ ছাড়া, প্রধানমন্ত্রীর জন্য দৈনিক ৩ হাজার টাকা ভাতা নির্ধারিত আছে। বিমান ভ্রমণের ক্ষেত্রে তার জন্য ২৫ লাখ টাকার বিমা কভারেজ এবং দেড় কোটি টাকার একটি স্বেচ্ছাধীন তহবিল বরাদ্দ করা হয়েছে। বিনোদনের জন্য ব্যয়িত সমস্ত অর্থই তাকে ভাতা হিসেবে প্রদান করা হবে।
অফিস থেকে বাসভবনে এবং বাসভবন থেকে অফিসে যাতায়াতের যাবতীয় খরচ সরকার বহন করবে। প্রধানমন্ত্রী এবং তার পরিবারের নির্দিষ্ট কিছু ব্যয়ও তিনি ভাতা হিসেবে পাবেন। পাশাপাশি, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোনসহ অন্যান্য ইউটিলিটি বিলের সম্পূর্ণ খরচ সরকারই বহন করবে।
রিপোর্টারের নাম 






















