ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলের নেতৃত্বভার গ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাকে বিরোধীদলীয় নেতা হিসেবে মনোনীত করা হয়েছে। একই সঙ্গে জামায়াতের নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিরোধীদলীয় উপনেতা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে নির্বাচিত করা হয়েছে। সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সংসদীয় দলের এক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংসদীয় দলের এই বৈঠকে অংশ নেওয়া গাইবান্ধা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং গাইবান্ধা জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হওয়ার পরপরই এই সভা অনুষ্ঠিত হয় এবং সেখানেই বিরোধী দলের নেতৃত্ব কাঠামো চূড়ান্ত করা হয়।
দলীয় সূত্র থেকে জানা গেছে, নবগঠিত ১১ দলীয় জোটের পক্ষ থেকে শিগগিরই একটি যৌথ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। প্রথমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা তাদের শপথ সম্পন্ন করেন। এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা শপথ নেন। উল্লেখ্য, ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্যরা কেবল সংসদ সদস্য হিসেবেই নয়, একইসঙ্গে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেছেন।
রিপোর্টারের নাম 






















