নতুন সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় গড়ে তোলা হয়েছে কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠেয় এই রাষ্ট্রীয় আয়োজনকে ঘিরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবসহ বিভিন্ন বাহিনীর প্রায় ১৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। চার স্তরের এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে সোয়াট, বোম্ব ডিস্পোজাল ইউনিট এবং ডগ স্কোয়াডের মতো বিশেষায়িত ইউনিটগুলোকে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠানকে সামনে রেখে সংসদ ভবনের শপথকক্ষ এবং দক্ষিণ প্লাজাকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংসদ ভবনের কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত বা হারিয়ে যাওয়ায়, নতুন করে চেয়ার ও প্রয়োজনীয় সরঞ্জাম সংযোজন করে কক্ষটি পুনরায় ব্যবহারোপযোগী করা হয়েছে। এছাড়া দীর্ঘদিনের অব্যবস্থাপনায় দক্ষিণ প্লাজার ছাদের রেড ব্রিক ও সিরামিক জয়েন্টগুলোতে যে ত্রুটি দেখা দিয়েছিল, তাও জরুরি ভিত্তিতে সংস্কার করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে দক্ষিণ প্লাজাসহ পুরো সংসদ এলাকায় ডগ স্কোয়াড ও বোম্ব ডিস্পোজাল ইউনিটের মাধ্যমে তল্লাশি (সুইপিং) সম্পন্ন করা হয়েছে। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে বিপুল সংখ্যক গোয়েন্দা সদস্য পুরো এলাকায় নজরদারি চালাচ্ছেন। ভিভিআইপি ব্যক্তিদের যাতায়াত ও অবস্থান নিরাপদ করতে আধুনিক প্রযুক্তি ও উন্নত নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এই প্রস্তুতির বিষয়ে জানান, মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। এরপর একই দিন বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
রিপোর্টারের নাম 























