ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল নিরঙ্কুশ জয় লাভ করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১০টি পদে বিজয়ী হয়েছে এই প্যানেল। অপরদিকে, জামায়াত সমর্থিত প্যানেল ৪টি পদে এবং স্বতন্ত্র প্রার্থী ১টি পদে জয়লাভ করেছে।
সোমবার দিবাগত রাত (১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার) সাড়ে ১২টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও আইনজীবী সমিতির সভাপতি নুরুল আমিন খান এবং সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন মানিক।
নির্বাচনে বিএনপি সমর্থিত আইনজীবী কল্যাণ পরিষদ প্যানেল থেকে সভাপতি পদে ফরিদ উদ্দিন খান নয়ন এবং সাধারণ সম্পাদক পদে হাছান মাহমুদ নির্বাচিত হয়েছেন। এই প্যানেল থেকে সহ-সভাপতি পদে মুহাম্মদ শহিদুল ইসলাম ও মো. সামছু উদ্দিন মানিক, অডিটর পদে হুমায়ুন কবীর বাদল, লাইব্রেরি সম্পাদক পদে ইয়াসীন আরাফাত তারেক এবং চারটি সদস্য পদে আবদুল্লাহ আল মামুন জুয়েল, মো. মনির উদ্দিন সোহাগ, আরিফুল ইসলাম ও মো. আবদুর রহিম সুজন বিজয়ী হয়েছেন।
অন্যদিকে, জামায়াত সমর্থিত আইনজীবী সম্প্রীতি পরিষদ প্যানেল থেকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আলাউদ্দিন বিন ওয়াদুদ, অর্থ সম্পাদক পদে মাহমুদুল হাসান এবং দুটি সদস্য পদে শাহীদুল হক ও নাঈম উদ্দিন জয়লাভ করেছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান।
এর আগে, উৎসবমুখর পরিবেশে সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত সমিতির ভবনে ভোটগ্রহণ চলে। এবার ৩৪৬ জন আইনজীবীর মধ্যে ৩২৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এক বছর মেয়াদী এই কমিটির ১৫টি পদের বিপরীতে নির্বাচনে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
উল্লেখ্য, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত ফেনী জেলা আইনজীবী সমিতির ইতিহাসে এই প্রথম বিএনপি ও জামায়াত পৃথক প্যানেলে নির্বাচনে অংশ নেয়। এছাড়া, টানা দ্বিতীয়বারের মতো এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কোনো প্যানেল অংশ নেয়নি। অতীতে আওয়ামী লীগের নেতৃত্বে একটি প্যানেল এবং বিএনপি-জামায়াত সম্মিলিতভাবে অন্য একটি প্যানেলে নির্বাচন করে আসছিল। সংসদ নির্বাচনের কারণে নির্বাচন কমিশনের নির্দেশনায় গত ১৭ জানুয়ারি ভোটের তারিখ স্থগিত করা হলেও, পরবর্তীতে অতিরিক্ত সাধারণ সভা ডেকে সমিতির সদস্যদের মতামতের ভিত্তিতে ১৬ ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করা হয়।
রিপোর্টারের নাম 





















