কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী অভিযানের ভিডিও ধারণ করার জেরে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি, বাধা প্রদান ও গালিগালাজ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সোমবার রাতে তিনি এই অভিযোগ দায়ের করেন।
থানা সূত্রে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক পৌনে ১২টার দিকে নাগেশ্বরী পৌরসভার বিএসসি মোড় এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে পুলিশ অভিযান চালায়। এসআই অলোক রায়ের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পুলিশ প্রায় আধা ঘণ্টা বাড়ির গেটের সামনে অবস্থান করে। ভেতরে কোনো সাড়া না পেয়ে পুলিশ তালা ভেঙে প্রবেশ করে।
পরে সেখান থেকে তিনজনকে আটক করা হয়। তল্লাশিকালে ঘটনাস্থল থেকে গাঁজা, মদের বোতল, ইয়াবা ও হেরোইন সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযানের সময় স্থানীয় সাংবাদিক মুতাসিম বিল্লাহ তানিম ঘটনার ভিডিও ধারণ করছিলেন। এ সময় বাড়ির কথিত মালিক মোসলেম উদ্দিন ক্ষিপ্ত হয়ে তাকে ভিডিও ধারণে বাধা দেন, গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা বলেন, “আমরা মাদকের বিপক্ষে। যারা মাদকের পক্ষে, আমরা তাদের বিপক্ষে।”
কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বাবুল জামান এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সাথে তিনি দ্রুত হুমকিদাতাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 























