ফেনীর সোনাগাজী থেকে একটি চোরাই ট্রাকের খণ্ডাংশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জেলার সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রাম থেকে ট্রাকটির বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে মো. ইউনুস প্রকাশ ডালিম (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে ট্রাকটি চুরি হয়েছিল। ট্রাকটির মালিক মো. হারুন (পিতা: মো. আবুল হোসেন) এ ঘটনায় ১৫ ফেব্রুয়ারি পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (১৬ ফেব্রুয়ারি) ইপিজেড এবং সোনাগাজী মডেল থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এই অভিযানে চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের মোখলেস সারেং বাড়ির মৃত মাঈন উদ্দিন ফারুকের ছেলে মো. ইউনুস প্রকাশ ডালিমকে গ্রেপ্তার করা হয়।
ডালিমের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরের নিজ বাড়িতে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে চোরাই ট্রাকটির বিভিন্ন খণ্ডাংশ উদ্ধার করা হয়।
এদিকে, এই ঘটনার সমসাময়িক সময়ে সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ জানানো হয়।
সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মো. সফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ট্রাকের অংশবিশেষ এবং চোরাই কাজে সহায়তাকারী গ্রেপ্তারকৃত ডালিমকে পতেঙ্গা থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ আরও তদন্ত চালাচ্ছে।
রিপোর্টারের নাম 























