সংসদের কার্যক্রমে অংশগ্রহণ এবং রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকার পদে প্রার্থী দেওয়ার আহ্বান জানিয়েছে সরকারি দল বিএনপি। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান জানিয়ে রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার প্রস্তাব করেছি। স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকারও নির্বাচিত হতে পারেন।” তিনি আরও জানান, এই বিষয়ে প্রধান বিরোধী দলকে প্রার্থী নির্ধারণের জন্য সরকারের পক্ষ থেকে মৌখিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে।
জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান প্রদর্শন এবং রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে এই ঐকমত্যের ভিত্তিতে বাস্তবায়ন শুরু করতে চায় সরকার। এই প্রক্রিয়ার অংশ হিসেবে স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তুতি রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা প্রধান বিরোধী দলকে মৌখিক সাক্ষাতে প্রস্তাব দিয়েছি, যেন তারা ডেপুটি স্পিকার ঠিক করেন।”
সরকারি দল হিসেবে স্পিকার ও ডেপুটি স্পিকার—দুটি পদেই প্রার্থী দেওয়ার সুযোগ থাকলেও রাজনৈতিক সৌহার্দ্যের খাতিরে সরকার এই পদক্ষেপ নিচ্ছে বলে তিনি ইঙ্গিত দেন। তিনি উল্লেখ করেন, “জুলাই জাতীয় সনদের সমঝোতায় দুটি ডেপুটি স্পিকার পদ সৃজন করার কথা বলা আছে, যার একটি বিরোধী দল পাবে। যদিও সরাসরি এভাবে বলা নেই, তবে বর্তমান কাঠামোতে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচিত হবেন।”
অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের আমলের ১৩৩টি অধ্যাদেশের ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নিয়ম অনুসারে সাংবিধানিক বাধ্যবাধকতা আছে জাতীয় সংসদের প্রথম দিনে অধ্যাদেশগুলো উপস্থাপন করার। তাই সেগুলো সংসদে উপস্থাপিত হবে। তবে এই ১৩৩টি অধ্যাদেশের মধ্যে কোনগুলো গৃহীত হবে আর কোনগুলো হবে না, তা জাতীয় সংসদে আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে।”
রিপোর্টারের নাম 























