রাজধানীর বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে ১০৫টি বাইসাইকেলসহ চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা-পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলো– সাজু (৩৫), রাজন (২২), সোহেল (৪৫), সায়াতুল্লাহ ওরফে আকাশ (৩৮), আব্দুর রহমান ভিকি (৩০) ও সীমা (৪০)।
বংশাল থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে বংশাল থানার কাজী আলাউদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে সাজু ও রাজনকে গ্রেফতার করে যৌথবাহিনী। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বংশাল থানা-পুলিশ একই দিন রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বংশাল থানার নাজিম উদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে সোহেল, সায়াতুল্লাহ ওরফে আকাশ, আব্দুর রহমান ভিকি ও সীমাকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১০১টি বাইসাইকেল ও চারটি বাইসাইকেলের বডি উদ্ধার করা হয়; যার আনুমানিক মূল্য ৮ লাখ ৮ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বংশাল থানায় একটি নিয়মিত মামলা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বংশাল থানা সূত্রে আরও জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা বাইসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে বাইসাইকেল চুরি করে ও চোরদের কাছ থেকে সংগ্রহ করে বংশাল থানা এলাকায় বিক্রয় করতো।
গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।
রিপোর্টারের নাম 



















