রাজধানীর পল্টন মোড়ে চলন্ত রিকশায় ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী। ছিনতাইকারী তার কানের দুল ধরে সজোরে টান দিলে কানের লতি ছিঁড়ে রক্তাক্ত হন তিনি। শনিবার রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সোহানা জামান (২৫)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী এবং রোকেয়া হলের আবাসিক ছাত্রী। আহত অবস্থায় তিনি নিজেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সোহানা জামান শনিবার রাতে কমলাপুর থেকে রিকশাযোগে বিশ্ববিদ্যালয়ের হলের দিকে যাচ্ছিলেন। রিকশাটি পল্টন মোড় অতিক্রম করার সময় পেছন থেকে এক ছিনতাইকারী অতর্কিতভাবে তার বাম কানের দুল ধরে টান দেয়। এতে তার কানের লতি ছিঁড়ে যায় এবং তিনি গুরুতর জখম হন। ঘটনার আকস্মিকতায় তিনি অপ্রস্তুত হয়ে পড়লে ছিনতাইকারী দুলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় তিনি নিজেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত শিক্ষার্থী হাসপাতালের ৩০৩ নম্বর ওয়ার্ডে প্রয়োজনীয় চিকিৎসা শেষে রাতে হল অভিমুখে রওনা হয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 



















