ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনে জয়লাভ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদ বীরবিক্রম। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ছয় প্রার্থীর মধ্যে চারজনই তাদের জামানত হারিয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ভোলা-৩ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৮৮ হাজার ৫৫০ জন। এর মধ্যে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ১২ হাজার ১৫৩টি এবং বাতিল হয়েছে ৫ হাজার ৭৪৮টি ভোট। নির্বাচনী বিধি অনুযায়ী, কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগেরও কম পাওয়ায় চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই আসনে জামানত রক্ষার জন্য ন্যূনতম ১৬ হাজার ৯৭০.৮ ভোট প্রয়োজন ছিল।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ১ লাখ ৪৫ হাজার ৯৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদ বীরবিক্রম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামী সমর্থিত ১১দলীয় জোট বিডিপির (ফুলকপি প্রতীক) প্রার্থী মুহা. নিজামুল হক নাঈম, যিনি পেয়েছেন ৫৭ হাজার ৩শ ৫১ ভোট।
জামানত বাজেয়াপ্ত হওয়া চার প্রার্থীর মধ্যে রয়েছেন: হাতপাখা প্রতীকের মাও. মোসলেহ উদ্দিন, যিনি পেয়েছেন ৭ হাজার ২৫৫ ভোট; লাঙ্গল প্রতীকের মাও. কামাল উদ্দিন, তার প্রাপ্ত ভোট ৭শ ৮৯; হেলিকপ্টার প্রতীকের এ্যডভোকেট রহমত উল্লাহ সেলিম পেয়েছেন ৫শ ৮ ভোট; এবং ট্রাক প্রতীকের তৈয়বুর রহমান পেয়েছেন মাত্র ২শ ৬০ ভোট।
উল্লেখ্য, ১২০টি ভোট কেন্দ্রের মধ্যে ১১৯টির ফলাফল প্রকাশিত হয়েছে, যার মধ্যে পোস্টাল ভোট গণনা কেন্দ্রও অন্তর্ভুক্ত ছিল। জাতীয় পার্টির মাও. কামাল হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও প্রার্থী হয়ে জামানত হারিয়েছিলেন।
রিপোর্টারের নাম 
























