ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর তিন নেতাকে আজীবনের জন্য দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা বিএনপি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলা বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কোনো ধরনের নির্বাচনী কার্যক্রমে অংশ না নেওয়া এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সহযোগিতা করার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।
বহিষ্কৃত নেতারা হলেন—গুঠিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন দফাদার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. জামাল মোল্লা এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সহিদ বেপারী।
উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি, অর্থাৎ নির্বাচনের পরদিন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক প্রক্রিয়া সম্পন্ন করে বহিষ্কারের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনকে আরও সুসংহত রাখার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 
























