চট্টগ্রামসহ দেশের সকল সিটি করপোরেশনে অবিলম্বে নির্বাচনের দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন। তার মতে, নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া নাগরিকদের দোরগোড়ায় কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। শনিবার দুপুরে চট্টগ্রামের আমবাগান শহীদ ওয়াসিম স্মৃতি পার্কে বসন্ত উৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই জোরালো আহ্বান জানান।
ডা. শাহাদাৎ হোসেন বলেন, জুলাই বিপ্লবের পর দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলররা তাদের দায়িত্ব ছেড়ে চলে যান। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার সিটি কর্পোরেশনগুলো বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ দেয়। তবে একটি পুরোনো মামলায় আদালতের নির্দেশে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব ফিরে পান। বর্তমানে তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করলেও নগরীর ৪১টি ওয়ার্ড কাউন্সিলরবিহীন রয়েছে, যার ফলে নাগরিকরা প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি আক্ষেপ করে বলেন, “মেয়র হিসেবে আমার আন্তরিকতার কোনো অভাব নেই, কিন্তু কাউন্সিলর না থাকায় জনগণের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।”
সিটি কর্পোরেশন আইন অনুযায়ী, একজন মেয়র শপথ গ্রহণের দিন থেকে পাঁচ বছর দায়িত্ব পালন করেন। সেই হিসেবে তার আরও প্রায় চার বছর দায়িত্ব পালনে কোনো আইনি বাধা নেই। তবে নগরবাসীর বৃহত্তর স্বার্থে এবং নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে তিনি যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করার জন্য নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
মেয়র শাহাদাৎ আরও উল্লেখ করেন, চট্টগ্রাম ছাড়া দেশের অন্যান্য সিটি কর্পোরেশনগুলোও বর্তমানে প্রশাসকদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “জনপ্রতিনিধি ছাড়া জনগণের সেবা করা সম্ভব নয়। নাগরিকসেবা দোরগোড়ায় পৌঁছাতে পূর্ণাঙ্গ জনপ্রতিনিধি প্যানেলের কোনো বিকল্প নেই।” তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উদাহরণ টেনে বলেন, সরকার চাইলে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা সম্ভব, যা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার স্থানীয় সরকার নির্বাচনগুলোও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করবে এবং এর মাধ্যমে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করতে পারবে।
রিপোর্টারের নাম 
























