নীলফামারী-১ আসনে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যক্ষ আব্দুস সাত্তারের কাছে প্রায় ৩১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন।
নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে শুক্রবার রাতে নীলফামারীর ডোমারে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন মাওলানা আফেন্দি। সেখানে তিনি অত্যন্ত উদারতার পরিচয় দিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিজয়কে স্বাগত জানান। সংবাদ সম্মেলনে তিনি নবনির্বাচিত এমপির দায়িত্ব পালনে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন এবং এলাকার উন্নয়নে তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের উদ্দেশে মাওলানা আফেন্দি বলেন, “নির্বাচনী ফলাফলে আপনারা কেউ আশাহত হবেন না বা মন খারাপ করবেন না। আমি সব সময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। আপনাদের ভালোবাসা ও সুখে-দুঃখে আমার অংশগ্রহণ আগের মতোই অব্যাহত থাকবে।” তিনি আরও যোগ করেন, জনসেবার পথ থেকে তিনি কখনো বিচ্যুত হবেন না।
সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীসহ দল-মত নির্বিশেষে যারা তাকে সমর্থন করেছেন, তাদের প্রতি তিনি চিরকৃতজ্ঞ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার এই অকৃত্রিম ভালোবাসা আগামী দিনের পথচলায় তাকে শক্তি জোগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
রিপোর্টারের নাম 























