ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে ভোট কারচুপি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে নির্বাচনের ফলাফল স্থগিত এবং বিতর্কিত কেন্দ্রগুলোতে পুনঃভোটের দাবি জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আমিনুল হক। শুক্রবার নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং অফিসার বরাবর লিখিত আবেদন জমা দিয়ে তিনি এ দাবি জানান।
লিখিত আবেদনে আমিনুল হক উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ এবং নির্বাচনী আচরণবিধির গুরুতর লঙ্ঘন হয়েছে। তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ভোটের আগের রাতে অর্থ বিতরণের ভিডিও প্রমাণ রয়েছে। এছাড়া তার পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।
আবেদনপত্রে আরও বলা হয়, ৪০টিরও বেশি কেন্দ্রে এজেন্টদের স্বাক্ষর ছাড়াই ফলাফল শিট প্রস্তুত করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে ভোট গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে। ভোটারদের কেন্দ্রে যেতে বাধা প্রদান এবং কিছু কেন্দ্রে ভোট শুরুর আগেই সিল মারা ব্যালট বই পাওয়ার মতো গুরুতর ঘটনাও ঘটেছে বলে তিনি অভিযোগ আনেন।
আমিনুল হক তার আবেদনে আরও উল্লেখ করেন, ১ থেকে ২৯ নম্বর কেন্দ্র পর্যন্ত ঘোষিত মোট ভোটের সঙ্গে প্রিজাইডিং অফিসারদের সরবরাহকৃত ফলাফল এবং পোস্টাল ভোটের পরিসংখ্যানে ব্যাপক গরমিল রয়েছে। সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা কমিশনের দায়িত্ব হলেও এ ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেছে বলে তিনি মনে করেন।
এর আগে সহকারী রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার না পাওয়ায় তিনি আরপিও-এর ৯১এ ধারা অনুযায়ী ফলাফল স্থগিত করে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করেছেন।
রিপোর্টারের নাম 




















