জাতীয় গণভোটে ‘হ্যাঁ’ প্রতীকের নিরঙ্কুশ জয় প্রায় নিশ্চিত হয়েছে। নির্বাচন কমিশন, বিভিন্ন জেলার রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং প্রতিনিধিদের পাঠানো তথ্যে দেখা গেছে, গতকাল রাত ২টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৭৫.৩৪ শতাংশ, যেখানে ‘না’ ভোট পেয়েছে ২৪.৬৬ শতাংশ। এই ফলাফলে দেশজুড়ে ‘হ্যাঁ’-এর পক্ষে ব্যাপক জনসমর্থন প্রতিফলিত হয়েছে।
২৯৯টি সংসদীয় আসনের মধ্যে রাজধানী ঢাকার পাঁচটি আসনের আংশিক ফল এরই মধ্যে পাওয়া গেছে। এর মধ্যে ঢাকা-৫ আসনের ১৫১টি কেন্দ্রের মধ্যে ১০টির ফলাফলে ‘হ্যাঁ’ পেয়েছে ৯ হাজার ৪৬২টি ভোট এবং ‘না’ পেয়েছে ৩ হাজার ১৬০টি ভোট।
ঢাকা-৬ আসনের ১০১টি কেন্দ্রের মধ্যে ৩৪টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, ‘হ্যাঁ’ প্রতীকে ভোট পড়েছে ৩০ হাজার ১৭২টি এবং ‘না’ প্রতীকে পড়েছে ১৪ হাজার ১৯টি ভোট।
একইভাবে, ঢাকা-১৪ আসনের ১৭৪টি কেন্দ্রের মধ্যে ৩০টির ফলাফলে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ২৪ হাজার ৬৮৫টি এবং ‘না’ ভোট পেয়েছে ৬ হাজার ৭০৭টি।
ঢাকা-১৭ আসনে ১২৫টি কেন্দ্রের মধ্যে ২১টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এতে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১৬ হাজার ৩২১টি, আর ‘না’ ভোট পেয়েছে ৪ হাজার ৬৬৯টি।
অন্যদিকে, ঢাকা-১৮ আসনের ২১৯টি কেন্দ্রের মধ্যে ২৮টির ফলাফলে ‘হ্যাঁ’ প্রতীকে ২৫ হাজার ৮০৮টি ভোট এবং ‘না’ প্রতীকে ৮ হাজার ২৫১টি ভোট পড়েছে।
রাজধানীর বাইরে বিভিন্ন জেলা থেকেও ‘হ্যাঁ’-এর জয়ের খবর পাওয়া গেছে। নেত্রকোণা জেলার পাঁচটি নির্বাচনী আসনে মোট ভোটার ২০ লাখ ৪৪ হাজার ৭৩৬ জন। জেলার ৬৭৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৬৫টির ফলাফলে দেখা যায়, ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৫ লাখ ৮৯ হাজার ২৮৩টি, আর ‘না’ ভোট পেয়েছে ৩ লাখ ৫৯ হাজার ৭৪৭টি।
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৩টির ফল পাওয়া গেছে। এই আসনে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১ লাখ ১৩ হাজার ১৪টি এবং ‘না’ ভোট পেয়েছে ৩৮ হাজার ৫৪৬টি।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৯৪ হাজার ৬০৫টি এবং ‘না’ ভোট পেয়েছে ২৭ হাজার ৪৯৭টি। ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ‘হ্যাঁ’ পেয়েছে ৫১ হাজার ৮৭৫টি এবং ‘না’ পেয়েছে ২৫ হাজার ৪০১টি।
তবে ব্যতিক্রম দেখা গেছে খাগড়াছড়িতে। সেখানে ২০৩টি কেন্দ্রের মধ্যে ৪১টির ফলাফলে ‘হ্যাঁ’ পিছিয়ে আছে। ‘হ্যাঁ’ পেয়েছে ৩০ হাজার ৬৬৫ ভোট এবং ‘না’ পেয়েছে ৩১ হাজার ৭৬ ভোট।
রিপোর্টারের নাম 






















