দেশের ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ ও আলোচিত জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এই গণতান্ত্রিক উৎসবে বাড়তি মাত্রা যোগ করেছে তরুণ ভোটারদের প্রাণবন্ত উপস্থিতি। জীবনের প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করতে পেরে উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেছেন নতুন প্রজন্মের এই ভোটাররা।
রাজধানীর ঢাকা-৪ আসনের শ্যামপুর এলাকার হাজী সলিমুল্লাহ স্কুল ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায় নতুন ভোটারদের সরব উপস্থিতি। সেখানে প্রথমবারের মতো ভোট দিয়েছেন মো. জাহিদুল ইসলাম, মো. রিফাত আহমেদ ও মো. শাহরিয়ার ইসলাম। ভোটকেন্দ্রের বাইরে আলাপকালে তারা জানান, অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে তারা তাদের জীবনের প্রথম ভোটটি দিতে পেরেছেন। কোনো প্রকার বিশৃঙ্খলা বা জবরদস্তি ছাড়াই নিজেদের পছন্দমতো প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে জাহিদুল ইসলাম বলেন, “আমরা জুলাই অভ্যুত্থানে রাজপথে সক্রিয় ছিলাম। সেই আন্দোলনের পর আজ গণভোট ও সংসদ নির্বাচনে অংশ নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এটি আমাদের জন্য এক নতুন অভিজ্ঞতার সূচনা।”
এবারের নির্বাচনে ছোট-বড় মিলিয়ে মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। তবে রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ভোটারদের মতে, মাঠের মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এবার সারা দেশে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার রয়েছেন ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার হিসেবে তালিকায় নাম রয়েছে ১ হাজার ২৩২ জনের। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























