দেশের নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ও আলোচক ড. মিজানুর রহমান আজহারী। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া পৃথক কয়েকটি পোস্টে তিনি এই আহ্বান জানান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দেওয়া এক পোস্টে আজহারী নিজের ভোট প্রদানের কথা উল্লেখ করে লিখেন, ‘আমি ভোট দিয়েছি, আপনারাও ভোট দিন। নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন।’
একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের ওপর গুরুত্বারোপ করে অপর এক পোস্টে তিনি চলমান গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, রাষ্ট্র সংস্কার ও সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভোটাধিকারকে একটি পবিত্র আমানত হিসেবে উল্লেখ করে এই জনপ্রিয় স্কলার আরও লিখেন, একজন সচেতন ভোটার হিসেবে আমাদের প্রধান দায়িত্ব হলো সৎ ও যোগ্য ব্যক্তির হাতে এই আমানত সোপর্দ করা। একইসঙ্গে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, যারা বিজয়ী হবেন, তাদের নৈতিক কর্তব্য হলো জনগণের এই আস্থার অমর্যাদা বা খেয়ানত না করা।
পোস্টের শেষে তিনি আমানত রক্ষায় সবাইকে নিষ্ঠাবান হওয়ার তাওফিক কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই বার্তাগুলো ইতোমধ্যেই নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
রিপোর্টারের নাম 
























