ঢাকা-৮ আসনের নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু রয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছেন এই আসনের প্রার্থী মির্জা আব্বাস। তবে নির্বাচনের ফলাফলে কোনো ধরনের কারচুপি বা ‘ইঞ্জিনিয়ারিং’ করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোটদান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান। মির্জা আব্বাস বলেন, “এখন পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। বিশৃঙ্খলা বা ভোট বিঘ্নিত হওয়ার মতো কোনো পরিস্থিতি এখন পর্যন্ত আমার নজরে আসেনি।”
নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি আরও বলেন, ভোটের মাঠ এখন পর্যন্ত ঠিক থাকলেও পরে যদি কোনো ধরনের কারসাজি বা ‘ইঞ্জিনিয়ারিং’ করার চেষ্টা করা হয়, তবে তা সাধারণ জনগণ ও আমরা মেনে নেব না।
এ সময় এই আসনের অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর আনা বিভিন্ন অভিযোগের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি জানান, এ ধরনের কোনো অভিযোগ সম্পর্কে তিনি অবগত নন।
উল্লেখ্য, রাজধানীর মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা-৮ আসনটি জাতীয় সংসদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচনী এলাকা। সকাল থেকেই এই আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
রিপোর্টারের নাম 























