ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে লক্ষ্মীপুরে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত জেলার ৪৯৬টি কেন্দ্রে নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এ সময়ে প্রায় ৫০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ।
সকাল থেকেই জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে লক্ষ্মীপুর-২, লক্ষ্মীপুর-৩ এবং লক্ষ্মীপুর-৪ আসনের লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকার বালিকা উচ্চ বিদ্যালয়, নন্দনপুর উচ্চ বিদ্যালয়, উত্তর টুমচর হিলফুল ফুজুল মাদ্রাসা, তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় ও জাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ সারি চোখে পড়ে। উৎসবের আমেজে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ নিশ্চিত করেছেন, জেলার ৪৯৬টি কেন্দ্রেই ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তিনি জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী, দুপুর আড়াইটা পর্যন্ত মোট ভোটের প্রায় ৫০ শতাংশ কাস্ট হয়েছে। ভোটারদের এই ব্যাপক উপস্থিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সহায়ক ভূমিকা পালন করেছে।
রিপোর্টারের নাম 

























