দীর্ঘ পঁচিশ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অধম্য ইচ্ছাশক্তির জোরে হুইলচেয়ারে চড়ে ভোট দিতে এলেন ৮৫ বছর বয়সী ফিরোজা খাতুন। বার্ধক্য আর অসুস্থতা তাকে দমাতে পারেনি, বরং ভোট প্রদানের এই সুযোগকে তিনি দেখছেন মনের এক বড় সাধ পূরণের উপলক্ষ হিসেবে। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার তৈয়ব আশরাফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছেলে দেলোয়ার হোসেনের সাহায্যে ভোট দেন এই প্রবীণা।
সকাল ৯টার দিকে লোহাগাড়া সদর কালোয়ার পাড়ার বাসিন্দা ফিরোজা খাতুনকে হুইলচেয়ারে করে ভোটকেন্দ্রে আসতে দেখা যায়। ভোট দিতে পেরে তার চোখে-মুখে ছিল অনাবিল তৃপ্তি ও আনন্দ।
ভোটদান শেষে ফিরোজা খাতুন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “অনেক দিন ধরে ভোট দিতে পারিনি। মনে কষ্ট ছিল। আজ ভোট দিয়ে মনের আশা পূরণ হলো। যদি ভোট দিতে না পারতাম, তাহলে মরেও শান্তি পেতাম না। ২০০১ সালে একবার ভোট দিতে পেরেছিলাম। পঁচিশ বছর পর এসে আবার ভোট দিতে পারলাম। এখন খুব খুশি লাগছে। যাকে ভালো লেগেছে, তাকেই ভোট দিয়েছি।”
তার ছেলে দেলোয়ার হোসেন জানান, মা দীর্ঘ ১৭ বছর ধরে ভোট দিতে পারেননি। আজ নির্বাচনের পরিবেশ খুব ভালো শুনে তিনি ভোট দিতে ব্যাকুল হয়ে পড়েন।
উল্লেখ্য, চট্টগ্রাম-১৫ আসনে এবারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন এবং জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরীর মধ্যে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শরীফুল আলম চৌধুরীও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই আসনে মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ৫৯ জন। ২০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ১৫৭টি ভোটকেন্দ্র রয়েছে।
তৈয়ব আশরাফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রটিতে ১৩ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে। পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
রিপোর্টারের নাম 

























