ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে চলছে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল থেকেই জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে নারী ভোটারদের অভূতপূর্ব উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা নির্বাচনের সার্বিক চিত্রকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
ভোটগ্রহণের নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে থেকেই জেলার বিভিন্ন কেন্দ্রের মাঠে ভিড় জমিয়েছেন নারী ভোটাররা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকেই সদর উপজেলার পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়, গোপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাইজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগমগঞ্জের একলাশপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র, একলাশপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্র এবং কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দীর্ঘ সারি দেখা গেছে। বিপুল সংখ্যক নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিটি কেন্দ্রেই উৎসবের আমেজ বিরাজ করছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৮৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২৬১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এই সব ঝুঁকিপূর্ণ কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোনো ভোটকেন্দ্রে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।’ তিনি আরও জানান, ভোটের আগের রাতে হাতিয়াতে কিছুটা উত্তেজনা থাকলেও কোনো ভোটকেন্দ্র আক্রান্ত হয়নি।
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান সকালে মাইজদী পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় তিনি বলেন, ‘১৬ বছর পর অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। দুপুর ১২টা পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল রয়েছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিকেল পর্যন্ত ভোটাররা যদি নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তাহলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।’ তিনি সকল ভোটারকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
জানা যায়, জেলার ছয়টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, জেএসডিসহ বিভিন্ন দলের মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনভিত্তিক ভোটকেন্দ্রের চিত্র অনুযায়ী, নোয়াখালী-১ আসনে ১৪১টি কেন্দ্রের মধ্যে ৫৩টি, নোয়াখালী-২ আসনে ১১১টি কেন্দ্রের মধ্যে ৩৮টি, নোয়াখালী-৩ আসনে ১৬৬টি কেন্দ্রের মধ্যে ৬০টি (যা ছয়টি আসনের মধ্যে সর্বাধিক), নোয়াখালী-৪ আসনে ১৯৮টি কেন্দ্রের মধ্যে ৪২টি, নোয়াখালী-৫ আসনে ১৫৫টি কেন্দ্রের মধ্যে ৫১টি এবং নোয়াখালী-৬ আসনে ১০৪টি কেন্দ্রের মধ্যে ১৭টি (যা জেলার ছয়টি আসনের মধ্যে সর্বনিম্ন) কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























