বরিশালের উজিরপুরে নির্বাচনী বিধি লঙ্ঘন করে প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়া কেন্দ্র ত্যাগ করার অভিযোগে দুই সহকারী প্রিজাইডিং অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। দায়িত্ব অবহেলার অভিযোগে তাদের সরিয়ে তাৎক্ষণিকভাবে নতুন দুজনকে নিয়োগ দিয়েছে উপজেলা প্রশাসন।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—শিক্ষক মো. ওবায়েদুল ও আয়েশা। তারা হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় (কেন্দ্র নং ৬৩) কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওই দুই কর্মকর্তা প্রিজাইডিং অফিসারকে কিছু না জানিয়েই কেন্দ্র থেকে বাইরে চলে যান। স্থানীয়দের অভিযোগ, তারা পাশের উপজেলা জামায়াতের আমীরের বাসায় গিয়ে গোপন বৈঠকে অংশ নেন। সেখান থেকে ফেরার পথে স্থানীয়রা তাদের আটকে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজাকে খবর দেন। খবর পেয়ে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।
তবে অভিযুক্ত দুই কর্মকর্তা তাদের বিরুদ্ধে ওঠা রাজনৈতিক বৈঠকের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, তারা কেবল রাতের খাবার খাওয়ার জন্য কেন্দ্রের বাইরে গিয়েছিলেন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
এ প্রসঙ্গে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা গণমাধ্যমকে জানান, নির্বাচনী নিয়ম অনুযায়ী কেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়া কোনো কর্মকর্তার বাইরে যাওয়ার সুযোগ নেই। তারা এই নিয়ম ভঙ্গ করেছেন এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। ফলে নির্বাচনী স্বচ্ছতা বজায় রাখতে তাদের বরখাস্ত করে নতুন দুজনকে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 
























