লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্বাচনি কাজে ব্যবহৃত একটি গাড়ি থেকে নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। এই ঘটনায় এ্যানির ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলকে আটক করা হয়েছে। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনি অনুসন্ধান ও তদন্ত কমিটির সদস্য এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার নওরিন।
এদিকে, এই অর্থ উদ্ধারের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, উদ্ধারকৃত অর্থ কোনো অবৈধ কাজে ব্যবহারের জন্য নয়, বরং নির্বাচনি কেন্দ্রের খরচ মেটানোর জন্য রাখা হয়েছিল।
এ্যানি বলেন, “আমার নির্বাচনি এজেন্ট ওই গাড়িটি নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছিলেন। কেন্দ্রভিত্তিক খরচের জন্য ব্যাগে যে ১৫ লাখ টাকা রাখা হয়েছিল, কর্তৃপক্ষ সেটি তল্লাশি করে উদ্ধার করে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি যাচাই করেছেন এবং আদালত থেকে ইতিমধ্যে সেই অর্থ রিলিজ করা হয়েছে। এটি মূলত নির্বাচনি ব্যয়েরই অংশ।”
ঘটনাটি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, “পুরো বিষয়টি নিয়ে উদ্দেশ্যমূলকভাবে সংবাদ প্রচার করা হচ্ছে, যা আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা মাত্র। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এটি সম্পূর্ণ আইনসম্মত নির্বাচনি খরচ ছিল, তাই এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ নেই।”
রিপোর্টারের নাম 























