লক্ষ্মীপুর জেলা শহরের ঝুমুর এলাকায় তল্লাশি চৌকিতে ১৫ লাখ টাকাসহ আটক হওয়া বিএনপি নেতা বদরুল আলম শ্যামলকে ছেড়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধারকৃত অর্থের বৈধ কাগজপত্র এবং নির্বাচনী ব্যয়ের নথিপত্র যাচাই-বাছাই শেষে বুধবার রাতে তাকে মুক্তি দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে ঝুমুর চত্বর এলাকায় সেনাবাহিনীর নিয়মিত চেকপোস্ট চলাকালে একটি ব্যক্তিগত গাড়ি (ঢাকা মেট্রো-ঘ ১৭-১৩৭৭) থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়ির ভেতর থেকে নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। গাড়িটিতে লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্বাচনী পোস্টার লাগানো ছিল। গাড়িতে থাকা জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম শ্যামলকে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখা হয়। উল্লেখ্য, শ্যামল বিএনপি নেতা এ্যানির নিকটাত্মীয়।
ঘটনার পর নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাহরিনা আক্তার নওরিন বিষয়টি তদারকি করেন। তিনি সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ দর্শানোর নির্দেশ দেন এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করেন।
এ বিষয়ে বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, উদ্ধারকৃত টাকাগুলো মূলত নির্বাচনী বিভিন্ন কেন্দ্রের খরচ হিসেবে ব্যবহারের জন্য নেওয়া হচ্ছিল। তিনি বলেন, “আমার নির্বাচনী এজেন্টরা কেন্দ্রভিত্তিক ব্যয়ের জন্য এই অর্থ নিয়ে যাচ্ছিলেন। এটি নির্বাচনী বাজেটের অন্তর্ভুক্ত। নথিপত্র যাচাই শেষে কর্তৃপক্ষ সন্তুষ্ট হয়ে গাড়ি ও টাকা ছেড়ে দিয়েছে।”
অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চেকপোস্টে টাকা উদ্ধারের পর বিষয়টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানানো হয়। ম্যাজিস্ট্রেট নথিপত্র পর্যালোচনা করে দেখেন যে, উদ্ধারকৃত অর্থ নির্বাচনী ফান্ডের এবং এর বৈধ কাগজপত্র রয়েছে। টাকার পরিমাণ নির্ধারিত বাজেটের মধ্যে থাকায় কোনো জরিমানা ছাড়াই তাদের ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
রিপোর্টারের নাম 























