জামায়াতে ইসলামীর নির্বাচনি ইশতেহারে ইসলামের সুস্পষ্ট দিকনির্দেশনা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল-৫ ও ৬ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। তিনি অভিযোগ করেছেন, ইশতেহারে ইসলামের বিষয়টি অস্পষ্ট থাকায় তারা ওই জোট থেকে বেরিয়ে এসেছেন। তবে ভোটের মাঠে জামায়াত কর্মীদের সমর্থন পাওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনি পরিবেশ নিয়ে কথা বলেন ফয়জুল করিম। তিনি জানান, বরিশাল সদর-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুয়াযম হোসাইন হেলাল তার প্রার্থিতা প্রত্যাহার করে হাতপাখাকে সমর্থন দিয়েছেন। তিনি বিশ্বাস করেন, আদর্শগত কারণে জামায়াতের সাধারণ সমর্থকরা তাকে ছাড়া অন্য কাউকে ভোট দেবেন না।
নির্বাচনকালীন পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ফয়জুল করিম বলেন, “ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে আমরা এখনো শঙ্কিত। বিভিন্ন স্থানে ইঞ্জিনিয়ারিং, জাল ভোট এবং কেন্দ্র দখলের পায়তারা চলছে। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত এই শঙ্কা কাটছে না।” তিনি অভিযোগ করেন, বরগুনা ও পটুয়াখালীতে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে এবং একজনকে গুরুতর আহত করা হয়েছে। নির্বাচনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে তিনি প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে এই প্রার্থী বলেন, কেউ যেন ব্যালট পেপার ছিনতাই বা প্রভাব বিস্তার করতে না পারে, সেটি নিশ্চিত করা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান দায়িত্ব। ভোটাররা যাতে নির্ভয়ে এবং নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে হবে।
নিজের নির্বাচনি অঙ্গীকার তুলে ধরে ফয়জুল করিম বলেন, “আমি নির্বাচিত হলে বরিশালকে সব ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি ও মাস্তানি মুক্ত করব। গুণ্ডামিমুক্ত সমাজ গঠনই আমার প্রধান লক্ষ্য।” একটি সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বরিশাল গড়তে তিনি সাধারণ ভোটারদের হাতপাখা মার্কায় ভোট দিয়ে সৎ নেতৃত্বকে জয়যুক্ত করার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 























