কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের অবকাঠামো উন্নয়নে বড় ধরনের বিনিয়োগের পথে হাঁটছে টেক জায়ান্ট গুগলের মূল প্রতিষ্ঠান ‘অ্যালফাবেট’। এই বিশাল অংকের বিনিয়োগ নিশ্চিত করতে ১০০ বছর মেয়াদি বন্ড ইস্যু করার উদ্যোগ নিয়েছে কোম্পানিটি।
সংশ্লিষ্ট সূত্র মতে, বাজার থেকে প্রায় ২ হাজার কোটি (২০ বিলিয়ন) মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অ্যালফাবেট। এই তহবিলের একটি বিশেষ অংশ দীর্ঘমেয়াদি বন্ডের মাধ্যমে সংগ্রহ করা হবে, যার মেয়াদ শেষ হবে ২১২৬ সালের ফেব্রুয়ারিতে। অর্থাৎ আগামী এক শতাব্দীর সুদূরপ্রসারী পরিকল্পনা সামনে রেখে এআই খাতে নিজেদের আধিপত্য বজায় রাখতে চাইছে প্রতিষ্ঠানটি।
বিশ্বজুড়ে এআই প্রযুক্তির জয়জয়কারের এই সময়ে অ্যালফাবেটের এমন উদ্যোগ বিনিয়োগকারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বন্ড ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণার পরপরই প্রায় ১০ হাজার কোটি (১০০ বিলিয়ন) ডলারের ক্রয়াদেশ জমা পড়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কয়েক গুণ বেশি। মূলত এআই খাতের ভবিষ্যৎ সম্ভাবনা ও অ্যালফাবেটের ব্যবসায়িক সক্ষমতার ওপর আস্থা রেখেই বিনিয়োগকারীরা এই দীর্ঘমেয়াদি বন্ডের প্রতি প্রবল আগ্রহ দেখাচ্ছেন।
তবে বন্ড ইস্যু ও এই বিশাল বিনিয়োগ পরিকল্পনার বিষয়ে অ্যালফাবেট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। মূলত প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর সাথে এআই দৌড়ে এগিয়ে থাকতেই অ্যালফাবেট তাদের অবকাঠামোগত ভিত্তি আরও শক্তিশালী করার এই মহাপরিকল্পনা হাতে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























