আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে নানা আদ্দো আকুফো-আদ্দোর নেতৃত্বে সফররত কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস প্রদান করেন।
বৈঠকে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিদেশি প্রতিনিধিদের নিরাপত্তা ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমনওয়েলথ অবজারভার গ্রুপের প্রধান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংস্থাটির মোট ২৫ জন পর্যবেক্ষক অংশগ্রহণ করবেন। এ সময় তিনি নির্বাচন চলাকালীন পর্যবেক্ষকদের ব্যক্তিগত ও সামগ্রিক নিরাপত্তার বিষয়ে পুলিশের প্রস্তুতি সম্পর্কে জানতে চান।
জবাবে আইজিপি বাহারুল আলম বলেন, নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি জানান, ঝুঁকিভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন, সার্বক্ষণিক সাইবার মনিটরিং এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
আইজিপি আরও উল্লেখ করেন যে, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা কমনওয়েলথ প্রতিনিধিদের কাছে নির্বাচনের সার্বিক নিরাপত্তা রূপরেখা তুলে ধরেন।
রিপোর্টারের নাম 




















