বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং আসন্ন নির্বাচনে ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. শফিকুর রহমানকে ঘিরে এক শ্রেণীর কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে দলটি। এই অপপ্রচারকে ভিত্তিহীন, অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানান। তিনি বলেন, ডা. শফিকুর রহমান একজন সৎ, আদর্শবান এবং সর্বস্তরের জনগণের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতা। তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে অর্থ লেনদেনের যে অপপ্রচার চালানো হচ্ছে, তা রাজনৈতিকভাবে দেউলিয়া এবং নৈতিকভাবে পরাজিত শক্তির ঘৃণ্য ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। জনগণের ক্রমবর্ধমান সমর্থন দেখে ভীত হয়েই তারা এই বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
অ্যাডভোকেট জুবায়ের দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা জামায়াত আমিরসহ দলের কোনো নেতার বিরুদ্ধে ছড়ানো কোনো ধরনের মিথ্যাচার, গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হন। একই সাথে, তিনি সংশ্লিষ্ট মহলকে এই ধরনের মিথ্যাচার অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
রিপোর্টারের নাম 
























