ব্যাপক সমালোচনার মুখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে দেওয়া নিষেধাজ্ঞা থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এক নতুন প্রজ্ঞাপন জারি করে ইসি জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নির্দিষ্ট কিছু ব্যক্তি মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবেন। এর আগে গত রোববার রাতে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিল ইসি, যা প্রকাশের পর পরই ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
নির্বাচন কমিশনের সর্বশেষ প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্নোক্ত ব্যক্তিগণ ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবেন না:
১. ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার।
২. ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ।
৩. ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার/ভিডিপি-এর ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী ২ (দুই) জন আনসার সদস্য।
উল্লিখিত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। এই পদক্ষেপের মাধ্যমে ইসি তাদের পূর্বের কঠোর অবস্থান থেকে কিছুটা নমনীয় হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
রিপোর্টারের নাম 
























