আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশের সামগ্রিক পরিবেশকে ‘অত্যন্ত ইতিবাচক’ বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভারস আইজাবস। মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ভোটের মাঠ নিয়ে একটি আশাবাদী চিত্র দেখা গেলেও কিছু বিষয় নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে।
ইভারস আইজাবস বলেন, জানুয়ারির শুরু থেকেই প্রায় ৬০ জন দীর্ঘমেয়াদি ইইউ পর্যবেক্ষক বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কাজ করছেন। মঙ্গলবার থেকে স্বল্পমেয়াদি পর্যবেক্ষকরাও মাঠে নেমেছেন, যারা সকলেই পেশাগতভাবে অত্যন্ত দক্ষ। তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি ইইউর অংশীদার দেশ নরওয়ে, সুইজারল্যান্ড ও কানাডার পর্যবেক্ষকরাও এই মিশনে যুক্ত হয়েছেন। এই বিশাল দল বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
মিশন প্রধান উল্লেখ করেন, তারা ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এবং দেশের বিভিন্ন অঞ্চলের কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন। এসব আলোচনার ভিত্তিতে একটি আশাব্যঞ্জক পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, বেশিরভাগ অংশীজন মনে করছেন, এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। সার্বিকভাবে, ইইউ মিশন একটি ইতিবাচক ও সম্ভাবনাময় নির্বাচনী পরিবেশ দেখছে, যা গণতন্ত্রের বিকাশে সহায়ক হতে পারে।
রিপোর্টারের নাম 
























