১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ শেষ হওয়ার পরদিন, অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে রিটার্নিং অফিসাররা ফলাফল সংকলন শুরু করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জোর দিয়ে বলেছেন, পোস্টাল ব্যালট গণনায় কিছুটা সময় লাগলেও ফলাফল ঘোষণার প্রক্রিয়া কোনোভাবেই দীর্ঘায়িত হবে না। মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সংবাদকর্মীদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধনের সময় ইসি সচিব এসব তথ্য জানান।
এ প্রসঙ্গে ইসি সচিব পুনর্ব্যক্ত করেন যে, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ফলাফল সংকলনের জন্য রিটার্নিং অফিসাররা ইতোমধ্যেই সময়সূচি ঘোষণা করেছেন, যা কোনো অবস্থাতেই দীর্ঘায়িত হবে না। এ সময় তিনি আরও জানান, আসন্ন নির্বাচনের জন্য ভোটগ্রহণের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে সেখানকার ভোট আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে বাকি ২৯৯টি আসনের জন্য প্রয়োজনীয় সব ব্যালট পেপার ও নির্বাচন উপকরণ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পর্যায়ক্রমিকভাবে সহকারী রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের কাছে পৌঁছে গেছে বলে তিনি নিশ্চিত করেন।
ইসি সচিব আশা প্রকাশ করেন, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণের মাধ্যমে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে।
ভোটার তালিকা সংশোধন প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, তালিকায় অসংখ্য ত্রুটি ছিল, যা সমাধানের চেষ্টা করা হয়েছে। তবে তিনি শতভাগ ত্রুটিমুক্ত তালিকা তৈরির দাবি করেননি।
নির্বাচন কমিশন এবারের ভোটে তরুণ ভোটার অন্তর্ভুক্তির বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে। ইসি সচিব জানান, ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে ইসি সচিব বলেন, মোবাইল ফোন এখন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কারো মনে যাতে অসন্তোষ না থাকে, সে কারণেই এই নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে।
রিপোর্টারের নাম 























