ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের ফল প্রকাশে দীর্ঘসূত্রিতা হবে না বলে আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। ২৯৯টি আসনে সব ব্যালট পেপার পৌঁছে যাওয়ায় নির্বাচন সুষ্ঠু ও দ্রুত সম্পন্ন হওয়ার ব্যাপারে ইসি আশাবাদী। মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিকদের জন্য আয়োজিত এক মিডিয়া সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আখতার আহমেদ জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের ২৯৯টি আসনে প্রয়োজনীয় সব ব্যালট পেপার বিতরণ সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণের সকল প্রস্তুতি শেষ হয়েছে এবং নির্বাচন কমিশন একটি উৎসবমুখর পরিবেশে ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানিয়েছে।
ইসি সচিব আরও বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার বাস্তবায়নে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। যদিও তিনি স্বীকার করেন যে, ভোটার তালিকা শতভাগ শুদ্ধভাবে যাচাই-বাছাই করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তবে তরুণ ভোটারদের অন্তর্ভুক্তির জন্য আইনে প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে এবং সম্প্রতি ১৮ বছর পূর্ণ হওয়া অনেক নতুন ভোটারকে তালিকায় যোগ করা হয়েছে।
তিনি উপস্থিত বিদেশি সাংবাদিকদের প্রতি সৎ ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারে গুরুত্বারোপ করেন এবং অপতথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। ইসি সচিব বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন এবং এই প্রক্রিয়ায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিদেশি সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে এই মিডিয়া সেন্টার স্থাপন করা হয়েছে।
ফল প্রকাশ প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, রিটার্নিং কর্মকর্তারা পোস্টাল ভোটের দায়িত্বে থাকবেন এবং পোস্টাল ব্যালট গণনায় কিছুটা বেশি সময় লাগতে পারে। তবে তিনি আশ্বস্ত করেন যে, সব কেন্দ্রের ফলাফল ও ব্যালট গণনায় প্রয়োজনীয় সময় লাগলেও সামগ্রিকভাবে ফলাফল প্রকাশ দীর্ঘায়িত হবে না।
রিপোর্টারের নাম 























