আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে পুলিশ। এবারের নির্বাচনে ১৬টি দেশের ৫৭ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক ভোট গ্রহণ ও নির্বাচনি পরিবেশ পর্যবেক্ষণ করবেন। তাদের সুরক্ষা ও নির্বিঘ্নে দায়িত্ব পালন নিশ্চিত করতে ঢাকাসহ সারা দেশে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে অনেক বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে পৌঁছেছেন এবং কেউ কেউ নির্বাচনি মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছেন। বাকিরা নির্বাচনের দিন ভোরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। এসব পর্যবেক্ষকদের সার্বিক নিরাপত্তার মূল দায়িত্বে কাজ করছে পুলিশের চ্যান্সেরি বিভাগ, যারা সাধারণত কূটনীতিকদের নিরাপত্তার বিষয়টি দেখাশোনা করে।
নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, বিদেশি পর্যবেক্ষকরা ঢাকা কিংবা ঢাকার বাইরে যেখানেই দায়িত্ব পালন করতে যাবেন, তা আগেভাগেই পুলিশকে অবহিত করতে হবে। সেই তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। বিশেষ করে যেসব ভোটকেন্দ্র তুলনামূলক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত, সেখানে আগে থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।
রাজধানীর কূটনৈতিক জোন হিসেবে পরিচিত গুলশান, বারিধারা ও ধানমন্ডি এলাকায় অবস্থানরত পর্যবেক্ষকদের হোটেল, বাসভবন এবং যাতায়াতের পথে নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া ঢাকার বাইরে যেসব জেলায় পর্যবেক্ষকরা যাবেন, সেখানকার পুলিশ সুপারদের (এসপি) প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। বিদেশি অতিথিদের নিরাপত্তায় যাতে কোনো ধরনের ঘাটতি না থাকে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য পুলিশ এসকর্টের ব্যবস্থা রাখা হবে, যাতে তারা নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করতে পারেন।
রিপোর্টারের নাম 























