আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে স্বার্থান্বেষী মহলের দেওয়া বিভ্রান্তিকর ফতোয়া প্রত্যাখ্যান করে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় আলেম সমাজ। তারা বলেছেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে অস্থিতিশীল করতে কিছু স্বঘোষিত আলেম উদ্দেশ্যপ্রণোদিত ফতোয়া দিচ্ছেন, যার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। সাধারণ মানুষ যাতে এসব বিভ্রান্তিতে পা না দেয়, সেজন্য মূল ধারার আলেমদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার ওপর জোর দিয়েছেন তারা।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ আয়োজিত ‘গণভোট ও জাতীয় নির্বাচনে আলেম সমাজের ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় দেশের বরেণ্য আলেমরা এসব কথা বলেন। সভায় আলেমগণ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও লাঞ্ছনার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। নারীর মর্যাদা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
আলোচনা সভায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতীবের সাম্প্রতিক কিছু বক্তব্যের সমালোচনা করা হয়। বক্তারা বলেন, দেশের সংবিধান ও রাষ্ট্রনীতির পরিবর্তনের প্রেক্ষাপটে আয়োজিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে খতীবের জুমার খুতবায় দেওয়া বক্তব্যটি পক্ষপাতদুষ্ট ও বিভ্রান্তিকর। এ ধরনের আচরণ পরিহার করে তাকে জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। প্রয়োজনে খতীবের কার্যাবলি পুনর্বিবেচনা করার দাবিও তোলেন অনেকে।
নির্বাচনী প্রক্রিয়ায় নৈতিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে আলেম সমাজ বলেন, দুর্নীতি, জবরদখল এবং ভোট কেনাবেচার মতো অনৈতিক কাজ ইসলাম সমর্থন করে না। এসব ঘৃণ্য কর্মকাণ্ড বর্জন করে আগামী ১২ ফেব্রুয়ারি ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়ানোর জন্য তারা জনগণের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং সব ধরনের সহিংসতা প্রতিরোধে সজাগ থাকতে তারা জনসাধারণের প্রতি অনুরোধ করেন। একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে আলেম সমাজ তাদের সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
দেশের প্রথিতযশা আলেম কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কোরআন ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী, মাওলানা আবু তাহের জিহাদি আল কাসেমী, শেখ কাজী ইব্রাহীম, অধ্যক্ষ মোশারফ হোসেন এবং মাওলানা আতিকুল্লাহ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল, মাওলানা নুরুজ্জামান নোমানী, অধ্যক্ষ শাহজাহান মাদানী, অধ্যাপক মাওলানা আনমোল রফিকুর রহমান আল মাদানী, মুফতি মাহবুবুর রহমান, শাহ হাবিবুল্লাহ সিদ্দিকী, মাওলানা আব্দুল মোমিন নাসিরী, মাওলানা লুৎফুর রহমান সাখাওয়াত হোসেন, মুফতি আবুল কাসেম কাসেমীসহ দেশবরেণ্য ও শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখগণ।
সভার শেষে আলেমগণ দেশের জাতীয় সংহতি ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং জনগণের সামনে ইসলামের প্রকৃত আদর্শ তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 























