বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের (বিটিটিএফ) সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দেশের বিশিষ্ট তরুণ উদ্যোক্তা ও ল্যাবএইড গ্রুপের পরিচালক ব্যারিস্টার ওয়াসিফ ফারহান শায়ের। জাতীয় ক্রীড়া পরিষদের এক প্রশাসনিক আদেশের মাধ্যমে ফেডারেশনের বর্তমান অ্যাডহক কমিটিতে এই পরিবর্তন আনা হয়েছে।
গত ২২ জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) মো. দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক সরকারি পরিপত্রে এই পুনর্গঠনের কথা জানানো হয়। এক বছর আগে গঠিত এই অ্যাডহক কমিটিতে খন্দকার হাসান মুনীর সুমনের স্থলাভিষিক্ত হলেন ব্যারিস্টার ওয়াসিফ ফারহান।
নতুন দায়িত্ব পাওয়া ব্যারিস্টার ওয়াসিফ ফারহান শায়ের কেবল একজন ক্রীড়া সংগঠকই নন, তিনি নিজে একজন নিয়মিত টেবিল টেনিস খেলোয়াড়। অতি সম্প্রতি সম্পন্ন হওয়া ৪০তম জাতীয় টেবিল টেনিস টুর্নামেন্টে তিনি সক্রিয়ভাবে অংশ নেন এবং প্রতিযোগিতার ‘রাউন্ড অব ৬৪’ পর্যন্ত খেলার গৌরব অর্জন করেন। ক্রীড়াঙ্গনে তার অবদানকে আরও সুসংগঠিত করতে ২০২২ সালে তিনি ‘ফিউচার্স স্পোর্টিং ক্লাব’ নামে একটি আধুনিক টেবিল টেনিস ক্লাব প্রতিষ্ঠা করেন। এই ক্লাবটি নিয়মিতভাবে মহানগর লীগে অংশগ্রহণের পাশাপাশি নতুন খেলোয়াড় তৈরিতে প্রশিক্ষণ ও বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে আসছে।
বর্তমানে ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মাইক্রো ফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এইচ জামান। কমিটির অন্যান্য শীর্ষ পদে রয়েছেন সহ-সভাপতি ও সাবেক জাতীয় চ্যাম্পিয়ন বেগম তাহমিনা তারমিন বিনু, সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ (সনেট), যুগ্ম সম্পাদক ও সাবেক খেলোয়াড় নাসিমুল হাসান কচি এবং কোষাধ্যক্ষ পদে সাবেক জাতীয় চ্যাম্পিয়ন মো. ইব্রাহিম হোসেন।
এছাড়া কার্যনির্বাহী এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ডা. আতাইয়া রাব্বি মাহমুদ ইমন, বেগম পিয়া আফ্রিনা খালেদা হক, আবু সুফিয়ান নোমান, আইটিটিএফ লেভেল-টু কোচ মো. মাইনুল ইসলাম চিশতী, মহসিনুল আলম ঝিনু, আহমেদ উল্লাহ, কাজী মুহাম্মদ আসিফ, সুজন মাহমুদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস দলের অধিনায়ক মো. নাজমুল হোসাইন। কমিটিতে বিকেএসপি এবং সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত রয়েছেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, একজন সক্রিয় খেলোয়াড় ও দক্ষ সংগঠক হিসেবে ব্যারিস্টার ওয়াসিফের অন্তর্ভুক্তি দেশের টেবিল টেনিস অঙ্গনকে আরও গতিশীল করবে।
রিপোর্টারের নাম 





















