চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. ফরিদুল আলম দাবি করেছেন, তার দল যদি রাষ্ট্রক্ষমতায় আসে, তবে দেশের সকল ধর্মের মানুষ নিরাপদে ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। ৭ ফেব্রুয়ারি পটিয়া উপজেলার কাশিয়াইশ ও আশিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এই মন্তব্য করেন।
ডা. ফরিদুল আলম তার বক্তব্যে বলেন, হিন্দু, মুসলিম বা অন্যান্য ধর্মের অনুসারীদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। তিনি জোর দিয়ে বলেন, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি হিসেবে বাংলাদেশের ভূখণ্ডে একসঙ্গে বসবাস করবে।
তিনি আরও উল্লেখ করেন, বিগত সময়ে জামায়াতে ইসলামী সম্পর্কে ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হয়েছিল। তবে, ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশের মানুষ জামায়াতে ইসলামী সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা লাভ করেছে বলে তিনি মনে করেন। ডা. ফরিদুল আলমের প্রত্যাশা, আগামীর বাংলাদেশ হবে একটি নিরাপদ দেশ এবং ন্যায় ও কল্যাণভিত্তিক রাষ্ট্র হিসেবে গঠিত হবে।
গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন কালারপোল থানা জামায়াতের আমির মাস্টার নাছির উদ্দীন, সেক্রেটারি মো. ইব্রাহিম, অ্যাডভোকেট সামশুল আলম, আশিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি সানাউল্লাহ নুরী, পটিয়া সরকারি কলেজ শিবির সভাপতি আবুল হাসনাত মোহাম্মদ জুবাইর এবং শিবির নেতা হাসান আল বান্না প্রমুখ।
রিপোর্টারের নাম 

























