ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। নির্বাচনী সহিংসতা, কর্মীদের ওপর হামলা এবং অপপ্রচারের পাল্টাপাল্টি অভিযোগ তুলে পৃথক সংবাদ সম্মেলন করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন ও স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. জসিম উদ্দিন। দুই প্রার্থীর এমন অভিযোগ ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ফুলবাড়ীয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াত মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন জানান, গত শুক্রবার বালিয়ান ইউনিয়নের মোহাম্মদ নগর বাজারে এক কর্মীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে তাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। তিনি দাবি করেন, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে তার কোনো পারিবারিক সম্পর্ক নেই। একইসঙ্গে, তার নির্বাচনী ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগও তোলেন তিনি।
এর আগে শুক্রবার রাত ১০টার দিকে একই স্থানে জরুরি সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. জসিম উদ্দিন। তিনি অভিযোগ করেন, শুক্রবার দুপুরে বালিয়ান ইউনিয়নের মোহাম্মদ নগর বাজারেই তার কর্মী ও ছাত্র শিবিরের সাবেক উপজেলা সভাপতি এবং বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আশিকুল ইসলামের ওপর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এই হামলায় আশিকুলের মাথা ও শরীরে গুরুতর জখম হয়েছে এবং একটি দাঁত ভেঙে গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মী ও হাজার হাজার সমর্থক এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বক্তারা এ হামলার সুষ্ঠু বিচার দাবি করেন। বিক্ষোভ মিছিলে উপস্থিত সমর্থকেরা অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. জসিম উদ্দিনের ব্যাপক জনপ্রিয়তা এবং ‘ঘোড়া’ প্রতীকের বিজয় নিশ্চিত জেনে ঈর্ষান্বিত হয়ে জামায়াত প্রার্থীর লোকজন পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করতেই এ হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন তারা। জানা যায়, জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলনের আত্মীয় (মামাতো ভাই) আলামিনের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, মোহাম্মদ নগর বাজারের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 

























