চট্টগ্রামের সন্দ্বীপে নির্বাচনী প্রচারণার কাজে নিয়োজিত একটি অটোরিকশা (টমটম) থামিয়ে আগুন পোহানোর অভিযোগে এক চালককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মগধরা ইউনিয়নের একটি নির্জন এলাকায় এই ঘটনা ঘটে। জনমনে নাশকতার আতঙ্ক সৃষ্টির দায়ে ‘জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি ২০২৫’ লঙ্ঘনের অভিযোগে এই দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত চালকের নাম তাফসির আলম (২০)। তিনি জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলাউদ্দিন সিকদারের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত অটোরিকশাটি চালাচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা নাগাদ নির্বাচনী প্রচার কার্যক্রম চলাকালে মগধরা ইউনিয়নের মোল্লার গোপাট এলাকায় শীতের তীব্রতা বেড়ে যায়। এ সময় চালক তাফসির আলম একটি নির্জন মেঠো রাস্তার পাশে গাড়িটি থামিয়ে খড়কুটো জড়ো করে আগুন জ্বালিয়ে তাপ পোহাতে শুরু করেন। হঠাৎ নির্জন স্থানে আগুনের শিখা দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নাশকতার আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয় এবং চালক তাফসির আলমকে হাতেনাতে আটক করে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। তিনি পুরো ঘটনা তদন্ত করে দেখেন এবং নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত গাড়ি নিয়ে চালকের এমন নিয়মবহির্ভূত আচরণের সত্যতা পান। পরে তিনি নির্বাচনী আচরণবিধির ২৭ (ক) ধারা অনুযায়ী চালক তাফসির আলমকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন জানান, নির্বাচনী প্রচারের গাড়ি নিয়ে আগুন জ্বালানো এবং জনমনে আতঙ্ক তৈরি করা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। আইন অমান্য করায় সংশ্লিষ্ট ধারায় চালককে এই দণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
দণ্ডাদেশের পর চালক তাফসির আলমকে পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























