একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক পত্রিকার নাম ও লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভুয়া জরিপের তথ্য সংবলিত ফটোকার্ড ছড়িয়ে দেওয়া হয়েছে। সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) নির্বাচনী এলাকাকে কেন্দ্র করে এই মনগড়া তথ্য প্রচার করা হচ্ছে, যা জনমনে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট দৈনিকের পক্ষ থেকে এই ধরনের মিথ্যা প্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
জানা গেছে, গত শনিবার বিকেল থেকে একটি দুর্বৃত্ত চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ভুয়া ফটোকার্ডটি প্রচার করছে। এতে আসনভিত্তিক একটি কাল্পনিক জরিপের ফলাফল তুলে ধরা হয়েছে, যার সঙ্গে প্রকৃত তথ্যের কোনো সম্পর্ক নেই। এই ঘটনা সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং অসংখ্য পাঠক ও ভোটার সংশ্লিষ্ট পত্রিকার কার্যালয়ে ফোন করে এর সত্যতা জানতে চেয়েছেন।
সংশ্লিষ্ট দৈনিক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের পক্ষ থেকে সিলেট-৪ আসন বা অন্য কোনো আসনভিত্তিক এ ধরনের কোনো জরিপ কখনোই পরিচালনা করা হয়নি। ফলে, প্রকাশিত তথ্যের কোনো ভিত্তি নেই এবং এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ছড়িয়ে পড়া ফটোকার্ডে উপস্থাপিত তথ্যের সঙ্গে এই পত্রিকার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।
পত্রিকার লোগো ও ডিজাইন নকল করে একটি স্বার্থান্বেষী মহল জনমনে বিভ্রান্তি ছড়াতে এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে এই ভুয়া কনটেন্ট তৈরি করেছে বলে ধারণা করা হচ্ছে। এমতাবস্থায়, এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণায় বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাইয়ের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























