কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত দেবিদ্বার পৌরসভার সাইলচর এলাকার ময়লার ভাগাড় অপসারণ এবং পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিনকে প্রত্যাহারের দাবিতে বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয় বাসিন্দারা।
এই অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে হাজার হাজার যাত্রী, কর্মজীবী মানুষ এবং অসুস্থ রোগী বহনকারী যানবাহনকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দেবিদ্বার পৌরসভা প্রতিষ্ঠার দুই দশকেরও বেশি সময় পার হলেও অদ্যাবধি কোনো স্থায়ী ডাম্পিং স্টেশন গড়ে ওঠেনি। এর ফলে পৌর এলাকার প্রধান সড়ক এবং জনবসতির পাশেই দীর্ঘদিন ধরে ময়লার স্তূপ জমে আছে। এই আবর্জনা থেকে নির্গত তীব্র দুর্গন্ধ জনজীবনে স্বাস্থ্যঝুঁকি বাড়িয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টে আক্রান্ত রোগীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বিক্ষোভকারীরা জানান, বারবার পৌর কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত একটি নির্দিষ্ট ডাম্পিং স্টেশন স্থাপনের পাশাপাশি খোলা জায়গায় ময়লা ফেলা ও পোড়ানো বন্ধ করার দাবি জানিয়েছেন। এছাড়া, দায়িত্বহীনতার অভিযোগে পৌর প্রশাসককে অপসারণের দাবিও তোলেন তারা। এই দাবিগুলো পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
রিপোর্টারের নাম 























