ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম-সলিমগঞ্জ আঞ্চলিক সড়ক মাত্র তিন মাসের মধ্যে সংস্কার শেষে পুনরায় চালু করা হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান আনুষ্ঠানিকভাবে সড়কে নির্মিত বক্স কালভার্ট উদ্বোধন করেন। এর ফলে শ্যামগ্রাম, বড়িকান্দি, সলিমগঞ্জ ইউনিয়নসহ বাঞ্ছারামপুর উপজেলার লক্ষাধিক মানুষের যাতায়াতের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হলো।
গত ২৭ মে ঈদের আগের দিন টানা ভারী বৃষ্টির পানির চাপে শ্যামগ্রাম ইউনিয়নের বগাহানী গ্রামের সামনে এই সড়কটি ভেঙে গিয়েছিল। এর ফলে জেলা ও উপজেলা সদরের সঙ্গে ওই এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই বিষয়ে সংবাদ প্রকাশের পর ২৯ মে অ্যাডভোকেট আব্দুল মান্নান ক্ষতিগ্রস্ত সড়কটি পরিদর্শন করেন এবং জরুরি ভিত্তিতে সেখানে বক্স কালভার্ট নির্মাণের কাজ শুরু করার নির্দেশনা দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম, উপজেলা নির্বাহী প্রকৌশলী ফেরদৌস আলী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী। উপজেলা নির্বাহী প্রকৌশলী ফেরদৌস আলী জানান, সংসদ সদস্য মহোদয় ও জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক সহযোগিতা পাওয়ার কারণেই এত অল্প সময়ে কালভার্ট নির্মাণকাজ শেষ করে সড়কের যোগাযোগব্যবস্থা পুনরায় সচল করা সম্ভব হয়েছে, যা তাদের কাজের সফলতা।
রিপোর্টারের নাম 






















