কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসার এক শীর্ষ কমান্ডারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। পৃথক দুটি অভিযানে আরসা কমান্ডারের কাছ থেকে বিদেশি পিস্তল ও গুলি এবং অন্য দুই মাদক কারবারির কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বুধবার (২০ নভেম্বর) দিনব্যাপী উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবনিয়া ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এসব অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—আরসার শীর্ষ কমান্ডার ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি জাহিদ হোসেন প্রকাশ লালু (৩৮), এবং উখিয়ার নলবনিয়া এলাকার দুই মাদক কারবারি মিজান (৩৫) ও রাকিব (১৮)।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া আর্মি ক্যাম্পের একটি দল পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে চিহ্নিত মাদক কারবারি মিজানের আস্তানা থেকে তাকে ও তার সহযোগী রাকিবকে আটক করা হয়। পরে তাদের বসতঘর তল্লাশি করে ইয়াবা সেবনের সরঞ্জাম, দেশীয় মদ এবং ডাকাতি ও ছিনতাইয়ে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র যেমন—দা, চাপাতি, ওয়্যার কাটার ও পকেট নাইফ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, এসব অস্ত্র ও সরঞ্জাম সীমান্ত দিয়ে মাদক পাচারের কাজে ব্যবহার করা হতো।
এদিকে, একই দিন সকালে উখিয়ার কুতুপালং ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের একটি চা দোকানে অভিযান চালিয়ে আরসা কমান্ডার জাহিদ হোসেন লালুকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। তল্লাশিকালে তার কাছ থেকে একটি বিদেশি ‘ফাইভ স্টার’ পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, লালু দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপহরণ, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র ব্যবসার নেতৃত্ব দিয়ে আসছিলেন। এছাড়া আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে একাধিক হত্যাকাণ্ডের সঙ্গেও তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
অভিযানের বিষয়ে উখিয়া আর্মি ক্যাম্পের অধিনায়ক ও উখিয়া-টেকনাফের ট্রান্সপোর্ট কমান্ডার লে. কর্নেল সায়মন সিকদার জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও সন্ত্রাসবাদ নির্মূলে যৌথ বাহিনীর এই অভিযান অত্যন্ত সফল হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্ত ও ক্যাম্প এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
রিপোর্টারের নাম 

























