কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী সম্প্রতি এক নির্বাচনী জনসভায় বলেছেন, জামায়াতে ইসলামীকে ভোট দিলে আল্লাহর দোহাই দিয়ে তিনি বলতে পারেন, ভোটাররা বেহেশতে যেতে পারবেন না। তার এই বক্তব্য সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে অনুষ্ঠিত ওই পথসভায় শাহজাহান চৌধুরী জামায়াতে ইসলামীর অতীত ভূমিকার সমালোচনা করে বলেন, পাকিস্তান সৃষ্টির সময়ও তারা বিরোধিতা করেছে, আবার বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সময়েও তাদের ভূমিকা ছিল নেতিবাচক। তিনি অভিযোগ করেন, জামায়াতের রাজনীতি সবসময়ই দেশের মূল স্রোতের বিপরীতে চলেছে।
বিএনপি প্রার্থী আরও বলেন, জামায়াত একবার বিকাশে টাকা দিলেও পরে আর কোনো খোঁজ রাখে না। তিনি প্রতিশ্রুতি দেন যে, বিএনপি ক্ষমতায় আসলে সাধারণ মানুষের জন্য নিয়মিত ভাতা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে এবং জনগণের জন্য কোনটি মঙ্গলজনক, তা ভেবে সিদ্ধান্ত নেওয়া হবে।
শাহজাহান চৌধুরী ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আল্লাহর ওয়াস্তে জামায়াতের ধোঁকাবাজিতে পা দেবেন না।” তিনি মনে করিয়ে দেন যে, বেহেশত পেতে হলে ইবাদত করতে হবে এবং সেই ইবাদত আল্লাহ কবুল করলেই কেবল জান্নাত লাভ করা সম্ভব। তিনি দৃঢ়ভাবে বলেন, জামায়াতে ইসলামীকে ভোট দিলে আল্লাহর দোহাই দিয়ে তিনি নিশ্চিত করছেন, বেহেশতে যাওয়া সম্ভব নয়। তিনি আরও অভিযোগ করেন, জামায়াত কখনো ভারতের দিকে, কখনো পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ে এবং তারা এই দেশেই থাকতে চায় না।
রিপোর্টারের নাম 

























