নওগাঁর সাপাহার উপজেলায় জামায়াতে ইসলামীর একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত লোকমান আলী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন। তিনি উপজেলার পাতাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতের সক্রিয় সদস্য ছিলেন। মঙ্গলবার বিকেলে পাতাড়ি ইউনিয়নে ধানের শীষের এক নির্বাচনি পথসভায় নওগাঁ-১ আসনের বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান তাঁকে ফুলেল মালা পরিয়ে দলে স্বাগত জানান। লোকমান আলী পাতাড়ি গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে।
দলীয় সূত্রে জানা গেছে, লোকমান আলী দীর্ঘ দিন ধরে জামায়াতের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং ধানের শীষের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর এই যোগদান স্থানীয় রাজনীতিতে এক নতুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে দেশপ্রেমিক জনতা আজ ঐক্যবদ্ধ হচ্ছে। লোকমান আলীর এই যোগদান বিএনপির হাতকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল জামিল চৌধুরী লাকি, সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী ও শফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান মুকুল, পাতাড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেনসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রিপোর্টারের নাম 

























