চট্টগ্রামের সন্দ্বীপে ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতির ওপর হামলার ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। বুধবার সকালে সন্দ্বীপের প্রধান প্রধান সড়কে এই হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে সন্দ্বীপের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কয়েক শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আলাউদ্দীন সিকদার।
সমাবেশে বক্তব্যে আলাউদ্দীন সিকদার বলেন, সন্দ্বীপের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে। ভিন্নমতের কর্মীদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে রাজনৈতিক আধিপত্য কায়েমের চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা এই বর্বরোচিত হামলার সাথে জড়িত, তাদের পরিণতি শুভ হবে না। অবিলম্বে সকল হামলাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে শবে বরাতের নামাজ শেষে সন্তোষপুর ৯নং ওয়ার্ড এলাকায় ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ইকরামুল হায়দার নাবিল ও তার সঙ্গীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ উঠেছে, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহদাত হোসেনের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি এই হামলা চালায়। তর্কের একপর্যায়ে নাবিলসহ তিনজনকে পিটিয়ে গুরুতর জখম করা হয়।
পরবর্তীতে খবর পেয়ে কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১নং ওয়ার্ডের একটি বাড়ি থেকে ভুক্তভোগীদের উদ্ধার করে। আহতরা বর্তমানে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই হামলার ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 

























