ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে ম্যানচেস্টার সিটির চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে থাকা আর্সেনাল এবার লিগ কাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী চেলসির। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ২টায় এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাই-ভোল্টেজ ম্যাচটি।
প্রথম লেগে স্ট্যামফোর্ড ব্রিজে ৩-২ গোলের নাটকীয় জয় নিয়ে মাঠ ছেড়েছিল আর্সেনাল। এই জয়ের ফলে ফাইনালে ওঠার পথে গানাররা অনেকটাই এগিয়ে গেছে। এই মৌসুমে ঘরের মাঠে আর্সেনাল কেবল একবারই হারের মুখ দেখেছে, তাও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে।
অন্যদিকে, নতুন কোচ লিয়াম রোসেনিওর অধীনে চেলসি দারুণ ফর্মে রয়েছে। প্রথম লেগে হারের পর থেকে তারা প্রতিটি ম্যাচেই জয়লাভ করেছে। এই সময়ে তারা ১২টি গোল করেছে এবং মাত্র ৫টি গোল হজম করেছে। শারিরীক শক্তি ও আত্মবিশ্বাসের মিশেলে চেলসি আর্সেনালের জন্য বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত।
চেলসি কোচ লিয়াম রোসেনিও জানিয়েছেন, “আমার খেলোয়াড়রা বড় ম্যাচে পারফর্ম করতে জানে। এনজো ফার্নান্দেজের মতো বিশ্বকাপ জয়ী খেলোয়াড়দের অভিজ্ঞতা দলের জন্য অনেক বড় শক্তি। আর্সেনালের অতীত ইতিহাস নয়, আমরা আমাদের দলকে আজকের ম্যাচের জন্য সেরাভাবে প্রস্তুত করছি।”
আর্সেনাল কোচ মিকেল আর্তেতাও প্রতিপক্ষকে সমীহ করছেন। তিনি বলেন, “আমাদের এখনও অনেক কাজ বাকি। চেলসি বর্তমানে দারুণ ফর্মে আছে। আমাদের পরিকল্পনা নিখুঁতভাবে বাস্তবায়ন করতে হবে। নিজেদের মাঠে খেলার সুবিধা থাকলেও জয় সহজ হবে না।”
আর্সেনালের ইতিহাসে লিগ কাপ জয়ের সংখ্যা দুই। সর্বশেষ ১৯৯২-৯৩ মৌসুমে তারা এই শিরোপা জিতেছিল। ২০১৭-১৮ মৌসুমে ফাইনালে পৌঁছালেও ম্যানচেস্টার সিটির কাছে হেরে যায় তারা। আট বছর পর আবারও লিগ কাপের ফাইনালে ওঠার হাতছানি এমিরেটসের ক্লাবটির সামনে।
রিপোর্টারের নাম 
























