যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহরগুলোতে চলমান বিক্ষোভে ফেডারেল নিরাপত্তা বাহিনীকে সরাসরি হস্তক্ষেপ না করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, সংশ্লিষ্ট শহরগুলোর স্থানীয় কর্তৃপক্ষ যদি সুনির্দিষ্টভাবে কেন্দ্রীয় সরকারের কাছে সহায়তা না চায়, তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বা এর কোনো সংস্থা সেখানে হস্তক্ষেপ করতে পারবে না।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্ট মোতায়েন এবং তাদের গুলিতে দুই মার্কিন নাগরিক নিহতের ঘটনায় দেশজুড়ে তীব্র অসন্তোষ ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই উত্তপ্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার ট্রাম্প এই নতুন নির্দেশনা জারি করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি উল্লেখ করেন, হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) মন্ত্রী ক্রিস্টি নোয়েমকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ডেমোক্র্যাট দলীয় মেয়র বা প্রশাসনের অধীনে থাকা শহরগুলোতে যেকোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব হলে তা মোকাবিলা করার প্রাথমিক দায়িত্ব স্থানীয় প্রশাসনের। যদি কোনো শহর পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে সাহায্য প্রার্থনা করে, কেবল তখনই ফেডারেল এজেন্টরা সেখানে হস্তক্ষেপ করতে পারবে। এর আগে কোনোভাবেই ফেডারেল বাহিনীকে কোনো অভিযানে অংশ না নিতে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মূলত বিক্ষোভকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা প্রশমন এবং স্থানীয় ও কেন্দ্রীয় প্রশাসনের কাজের পরিধি স্পষ্ট করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























