সংসদীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছে ভালুকা নির্বাচন কমিশন। আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখের মধ্যে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে কেন তাঁর প্রার্থিতা বাতিলের সুপারিশ করা হবে না, সে বিষয়েও নোটিশে জানতে চাওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকের পক্ষে সালাউদ্দিন আহাম্মেদ নামে এক ব্যক্তি ভালুকা নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ৩০ জানুয়ারি, ২০২৬ তারিখে ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর সমর্থকরা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা দেয়। এ সময় মাইক ভাঙচুর, অটোরিকশা চালক ও কর্মীদের মারধর, নারী কর্মীদের ওপর হামলা ও অপমান এবং পরিকল্পিত সহিংসতায় লিপ্ত হয়।
দায়েরকৃত অভিযোগে এসব ঘটনাকে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর একাধিক ধারার গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন-পূর্ব সময়ে সংঘটিত এসব কর্মকাণ্ড আচরণবিধির চরম পরিপন্থী। এ প্রেক্ষিতেই ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে শোকজ নোটিশ জারি করা হয়েছে এবং আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে নির্বাচন কমিশনে হাজির হয়ে লিখিত জবাব দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় বিধিমালা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 






















