গাজীপুরের টঙ্গীতে বিকাশ কর্মীকে গুলি করে প্রায় ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। শুক্রবার দিবাগত রাতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-১।
গ্রেপ্তারকৃতরা হলেন – টঙ্গীর আনারকলি রোডের মুন্সিপাড়া এলাকার রাজিব হাসান লিটন (৩৮), দক্ষিণ আরিচপুর এলাকার শহীদুল ইসলাম (৪৪) এবং নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সঞ্জয় চন্দ্র শীল (৩৬)।
র্যাব সূত্রে জানা যায়, গত বছরের ১৩ ডিসেম্বর সন্ধ্যায় টঙ্গীবাজার এলাকায় মেসার্স ডে এন্ড সন্স-এর দুজন বিকাশ কর্মী টাকা সংগ্রহ শেষে মোটরসাইকেলে করে টঙ্গীবাজার সেনাকল্যাণ ভবনের বিকাশ অফিসের দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে পূর্ব থেকে ওঁত পেতে থাকা ৭ থেকে ৮ জন ডাকাত তাদের পথরোধ করে। অস্ত্রের মুখে জিম্মি করে তারা প্রায় ১৪ লক্ষ ৭৭ হাজার টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দিলে ডাকাতরা বিকাশ কর্মীদের গুলি ও কুপিয়ে আহত করে টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করা হয়। পুলিশের পাশাপাশি র্যাব ঘটনার তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে দেড় মাস পর গাজীপুরের গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে রাজিব হাসান লিটনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে টঙ্গীর আরিচপুর এলাকায় অভিযান চালিয়ে শহীদুল ইসলাম ও সঞ্জয় চন্দ্র শীলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে র্যাব জানিয়েছে। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, গ্রেপ্তারকৃতদের গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 






















